FIFA আয়োজিত ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাড়ছে উদ্বেগ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরে অতিরিক্ত তাপমাত্রা ফুটবলারদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক একদল বিজ্ঞানী ও ক্রীড়া-স্বাস্থ্য বিশেষজ্ঞ।

২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩২ দলের ক্লাব বিশ্বকাপকে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিমূলক মঞ্চ হিসেবে দেখা হয়েছিল। তবে সেই টুর্নামেন্টে প্রচণ্ড গরমে খেলোয়াড় ও দর্শকদের ভোগান্তি আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, আগামী বিশ্বকাপেও একই ধরনের পরিস্থিতি আরও তীব্র আকার নিতে পারে।

Advertisement

গবেষকদের বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বকাপের জন্য নির্ধারিত ১৬টি ভেন্যুর মধ্যে অন্তত ১৪টিতেই বিপজ্জনক মাত্রার তাপপ্রবাহের ঝুঁকি রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল এবং উত্তর মেক্সিকোর কিছু অঞ্চলে দিনের গড় তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় তা ৪০ ডিগ্রির কাছাকাছিও পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু তাপমাত্রাই নয়—আর্দ্রতা, বাতাসের গতি এবং সূর্যের তীব্রতাও খেলোয়াড়দের শরীরে অতিরিক্ত তাপজনিত চাপ তৈরি করতে পারে। স্বাস্থ্য, জলবায়ু ও ক্রীড়া পারফরম্যান্স বিষয়ে আন্তর্জাতিক গবেষকদের এক খোলা চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির তুলনায় ফিফার বিদ্যমান নির্দেশিকা যথেষ্ট নয় এবং তা আধুনিক বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণও নয়।

বিজ্ঞানীদের প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত গরমে ম্যাচ বিলম্ব বা স্থগিতের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, দীর্ঘ সময়ের কুলিং ব্রেক এবং খেলোয়াড়দের জন্য উন্নত কুলিং সুবিধা নিশ্চিত করা জরুরি। তাদের মতে, চরম আবহাওয়ার ঝুঁকি বিবেচনায় নিয়মিতভাবে স্বাস্থ্যবিষয়ক নির্দেশিকা হালনাগাদ করা উচিত।

এর আগে ফিফা খেলোয়াড়দের সুরক্ষায় প্রতিটি ম্যাচের দুই অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের কুলিং ব্রেক চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি সব আউটডোর ম্যাচে টেকনিক্যাল স্টাফ ও বদলি খেলোয়াড়দের জন্য জলবায়ু নিয়ন্ত্রিত বেঞ্চ রাখার পরিকল্পনাও রয়েছে।

ফিফা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’ সূচক ব্যবহার করে তাপ ও আর্দ্রতার সম্মিলিত প্রভাব নির্ধারণ করে। সাধারণভাবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি পরিস্থিতিকে অভিজাত ক্রীড়াবিদদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। সংস্থাটির জরুরি চিকিৎসা নির্দেশিকায় বলা হয়েছে, এই সূচক ৩২ ডিগ্রির কাছাকাছি পৌঁছালে আয়োজকদের বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।

দর্শকদের সুরক্ষাতেও অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ফিফা। তীব্র গরমের পূর্বাভাস থাকলে দর্শকদের সিল করা পানির বোতল বহনের অনুমতি দেওয়া হবে। এছাড়া স্টেডিয়ামে ছায়াযুক্ত এলাকা, মিস্টিং সিস্টেম, কুলিং বাস এবং অতিরিক্ত পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হবে।

তবে এসব পদক্ষেপকে এখনও অপর্যাপ্ত মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ সদস্যের বিজ্ঞানী দল ফিফার প্রতি জরুরি ভিত্তিতে নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী, তাপমাত্রা ২৮ ডিগ্রির বেশি হলে ম্যাচ বিলম্ব বা স্থগিত করা এবং অন্তত ছয় মিনিটের কুলিং ব্রেক চালু করা প্রয়োজন।

নিউ ওয়েদার ইনস্টিটিউটের পরিচালক Andrew Simms ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা এখন তাৎক্ষণিক উদ্বেগের বিষয়। অতিরিক্ত গরমে খুব দ্রুত শারীরিক অবস্থা সংকটজনক হয়ে উঠতে পারে বলেও তিনি সতর্ক করেন।

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, বৈশ্বিক ফুটবলারদের সংগঠন FIFPRO প্রস্তাবিত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড গ্রহণ করলে খেলোয়াড়দের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হতে পারে।