ময়মনসিংহের ধোবাউড়ায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নেতাই নদীতে ঢল নেমে এসেছে।নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে তলিয়ে গেছে পাকা ধান।
এতে বিপাকে পড়েছেন কৃষক।ফসল নষ্ট হওয়ার আশংকা করছেন তারা। মঙ্গলবার রাত থেকে ভারী বর্ষন শুরু হয়। বুধবার সারাদিন বৃষ্টি পড়েছে।বুধবার বিকালে গামারীতলা ইউনিয়নের দক্ষিণ গৌরিপুর এলাকায় নেতাই নদীর বেঁড়ীবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করছে।
ইতোমধ্যে উপজেলার দক্ষিণমাইজপাড়া,গামারীতলা ইউনিয়নের কামালপুর,রায়পুর,বাঘবেড় ইউনিয়নের মেকিয়ারকান্দাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
নেতাই নদীর বাঁধ ভেঙ্গে হু হু করে লোকালয়ে প্রবেশ করছে পানি। ফলে পোড়াকান্দুলিয়া ইউনিয়ন এবং অন্যান্য এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। এতে ক্ষতির মুখে পড়ার আশংকা করছেন কৃষক।
এ ব্যাপারে গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন,নেতাই নদীর বেঁড়ীবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করছে আপাতত কিছু করার নেই,পানি কমলে বাঁধ নির্মাণ করতে হবে।তবে উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান জানান, ইতোমধ্যে ৭০ ভাগ ধান কর্তন করা হয়েছে,নিম্নাঞ্চলে যেসব ধান পানির নিচে তা ভেসে উঠবে পানি নেমে যাচ্ছে।