পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৩ মে’র যাত্রার টিকিট বিক্রির মধ্য দিয়ে বুধবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, এবার ঈদযাত্রার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে। সে অনুযায়ী ২৪ মে’র টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।
ঈদযাত্রাকে কেন্দ্র করে টিকিট ব্যবস্থাপনায় কিছু বিশেষ নিয়মও নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এছাড়া অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলে জানানো হয়েছে।
রেলওয়ে আরও জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন উচ্চ শ্রেণি ছাড়া মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
ঈদ উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। দুটি বিশেষ পশুবাহী ট্রেন ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেনগুলো দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।
এদিকে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আলাদা একটি বগি রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশনা দেন।
ঈদকে সামনে রেখে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে রেলওয়ের এই বিশেষ প্রস্তুতি যাত্রীসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।