দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে তামিলনাড়ুতে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী Joseph Vijay।
ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া বা স্থায়ীভাবে বন্ধ করতে বলা হয়েছে।

মঙ্গলবার জারি করা সরকারি আদেশে বলা হয়, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা Tamil Nadu State Marketing Corporation (তাসম্যাক) পরিচালিত মদের দোকানগুলো এই সিদ্ধান্তের আওতায় আসবে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম India Today জানিয়েছে, বর্তমানে তামিলনাড়ুতে মোট ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। এর মধ্যে বন্ধের তালিকাভুক্ত ৭১৭ দোকানের মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত।

ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই নেওয়া এ সিদ্ধান্তকে সামাজিক সংস্কার ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরছে নতুন সরকার। বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জনপরিসরে সামাজিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

তবে তাসম্যাক রাজ্য সরকারের অন্যতম বড় রাজস্ব আয়ের উৎস হওয়ায় সিদ্ধান্তটি অর্থনৈতিক প্রভাবও ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মদের বিক্রি থেকে রাজ্যের বার্ষিক আয়ের বড় অংশ আসে এই করপোরেশনের মাধ্যমে।

৫১ বছর বয়সী অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয় রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল Tamilaga Vettri Kazhagam (টিভিকে) বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর কংগ্রেস, বাম দল, ভিসিকে ও মুসলিম লিগের সমর্থনে জোট সরকার গঠন করে।

বর্তমানে বিধানসভায় বিজয়ের দলের আসন সংখ্যা ১০৭। শরিকদের সমর্থন নিয়ে তিনি শিগগিরই আস্থা ভোটের মুখোমুখি হবেন।

মদের দোকান বন্ধের পাশাপাশি নতুন সরকার আরও কয়েকটি জনকল্যাণমূলক উদ্যোগ অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে আবাসিক গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন এবং প্রতিটি জেলায় পৃথক মাদকবিরোধী ইউনিট চালু করা।