আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়কপথে যাত্রী চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। ঈদযাত্রার চাপ সামাল দিতে এবার পর্যায়ক্রমে গার্মেন্টস কারখানাগুলোতে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আয়োজিত ঈদযাত্রা প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ যাতে সড়কে নামতে না পারেন, সে কারণে তিন ধাপে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেওয়া হবে। এতে মহাসড়কে যানজট ও অতিরিক্ত চাপ কিছুটা কমবে বলে আশা করছি।”
তিনি জানান, গত বছরের তুলনায় এবার প্রায় এক কোটি বেশি যাত্রী ঈদযাত্রায় অংশ নিতে পারেন। একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈদের সময় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এসব বিষয় মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঈদকেন্দ্রিক সড়ক ব্যবস্থাপনা জোরদারে সারাদেশের মহাসড়কে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও ফুলবাড়িয়াসহ দেশের গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোতে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম কাজ করবে।
সভায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ঈদযাত্রায় সড়ক নিরাপত্তা, যানবাহনের ফিটনেস, টিকিট ব্যবস্থাপনা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন।