ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী Suvendu Adhikari বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। সোমবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দ্রুততম সময়ের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া হবে। এ লক্ষ্যে রাজ্যের ভূমি ও রাজস্ব বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে হস্তান্তর করা হবে। সীমান্তবর্তী অঞ্চলের জনতাত্ত্বিক চিত্র বদলে গেছে, তাই নিরাপত্তা জোরদার করা জরুরি।”

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ছিল অন্যতম প্রধান ইস্যু। দলটি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, সীমান্ত এলাকায় পর্যাপ্ত নজরদারির অভাবে অনুপ্রবেশ বেড়েছে এবং রাজনৈতিক কারণে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে প্রায় ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত, যা দুই দেশের মধ্যে সবচেয়ে দীর্ঘ সীমান্ত অংশ।

সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় অর্জন করে রাজ্যের ক্ষমতায় আসে। ২৯৪ সদস্যের বিধানসভায় দলটি ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। পরে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে বিজেপির এই সিদ্ধান্ত আগামী দিনে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং সীমান্ত ব্যবস্থাপনায় নতুন আলোচনা তৈরি করতে পারে।