ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায় শনিবার পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভলকানো ডিসকভারি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি এলাকার প্রায় ৩৪ কিলোমিটার দূরে।
এর প্রায় ৩৭ মিনিট পর বিকেল ৩টা ১৭ মিনিটে একই অঞ্চলে দ্বিতীয় দফায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল বোঙ্গাইগাঁও এলাকা থেকে প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি ভূমিকম্পই ভূপৃষ্ঠের তুলনামূলক অগভীর স্তরে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের ভূমিকম্প সাধারণত উৎপত্তিস্থল ও পার্শ্ববর্তী এলাকায় বেশি মাত্রায় অনুভূত হয়।
ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর ও নেত্রকোনাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাইরে বেরিয়ে আসেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।