স্বপ্ন আছে, কিন্তু সুযোগের অভাবে থমকে আছে হাজারো নারীর জীবন। সংসারের চাপে নিজের স্বপ্নগুলো হারিয়ে ফেলছেন অনেকেই। এমন নারীদের স্বাবলম্বী করতে গফরগাঁওয়ে বড় পরিসরে শিল্পায়নের উদ্যোগ নিয়েছে পিবাড়ীয়া গ্রুপ।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ও পাগলা থানার ১৫টি ইউনিয়ন এবং পৌরসভায় পর্যায়ক্রমে অন্তত একটি করে পরচুলা (উইগ) ফ্যাক্টরি স্থাপনের ঘোষণা দিয়েছে শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান পিবাড়ীয়া গ্রুপ।
সোমবার গফরগাঁও প্রেসক্লাবে আয়োজিত ‘নারী কর্মসংস্থান বিষয়ক OVC প্রকাশনা ও প্রেস কনফারেন্স’-এ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নুরুজ্জামান রানার পাঠানো লিখিত বক্তব্যে এ পরিকল্পনার কথা জানানো হয়।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান মো. নুরুজ্জামান রানা ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ-আল-মামুনের প্রতিনিধি পাঠিয়ে অনুষ্ঠানকে মর্যাদা দেওয়ায় কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, গফরগাঁওয়ে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য শিল্প-কারখানার অভাবে নারীরা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন। তবে পিবাড়ীয়া গ্রুপ শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ নয়। ২০২১ সালে গফরগাঁও ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামে প্রতিষ্ঠানটির একটি পরচুলা ফ্যাক্টরি চালু হয়েছে, যেখানে বর্তমানে শতাধিক স্থানীয় নারী-পুরুষ কর্মরত রয়েছেন।
তিনি আরও জানান, ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন আরও বড় পরিসরে কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় অন্তত একটি করে ফ্যাক্টরি স্থাপন করা হবে।
পিবাড়ীয়া গ্রুপের কারখানাগুলোতে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে। অনভিজ্ঞ নারীদের জন্য রয়েছে বিনামূল্যে প্রশিক্ষণ, প্রশিক্ষণকালীন আয়ের সুযোগ এবং প্রশিক্ষণ শেষে নিশ্চিত চাকরির ব্যবস্থা। স্বল্প শিক্ষিত নারীরাও দক্ষতা অনুযায়ী মাসে ৪০ হাজার টাকার বেশি আয়ের সুযোগ পাবেন বলে জানানো হয়।
প্রতিষ্ঠানটি জানায়, একজন নারী শুধু কর্মী নন; তিনি একজন মা, স্ত্রী ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাই নারীর মর্যাদা ও আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের প্রতিও বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। পিবাড়ীয়া গ্রুপের ভাষ্য, “গফরগাঁওয়ে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে। এখানে দক্ষ শ্রমশক্তি, সম্ভাবনা এবং শিল্প স্থাপনের সুযোগ বিদ্যমান।
প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে, তাদের এ উদ্যোগ গফরগাঁওয়ে অন্যান্য উদ্যোক্তাদেরও বিনিয়োগে উৎসাহিত করবে।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।