নেত্রকোনার পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (৩ মে) ভোর ৫টা ২০ মিনিটে পূর্বধলা থানার পুলিশ জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে ২১ বস্তা ভারতীয় জিরা জব্দ করে। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৮ হাজার টাকা।
এ সময় শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত জিরা অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।