‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, মোস্তাফিজুর রহমান টুটুল, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক, সাধারণ সম্পাদক মো. মানসুরুল হক রবিনসহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা সভায় ইউএনও কাজী নাহিদ ইভা শ্রমিকদের অধিকার ও কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।