কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে শোকে কাতর হয়ে মারা গেছেন তার মা মোছাঃ জুবাইদা মনি (৮০)।

পরিবার সূত্রে জানানো হয়েছে, রবিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন আলতাফ উদ্দিন শাহীন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৪ সালে স্বর্ণপদকে ভূষিত হন। তার পিতা হাজী মো: মনির উদ্দিন। কটিয়াদীর রায়খলা গ্রামে তার পৈতৃক বাড়ি হলেও তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করছিলেন।

ছেলের মৃত্যুর খবর ভোরে গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পরিবারজুড়ে। রবিবার ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা মোছাঃ জুবাইদা মনি। পরিবারের সদস্যদের ধারণা, প্রিয় সন্তানের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।

মৃত শাহীনের ভাইরা (আত্মীয়) শাহ আলমের ভাষ্য, শাহীনের মা জুবাইদা মনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শাহীনকে খুব ভালোবাসতেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে সে গাজীপুরে থাকলেও মাকে দেখতে প্রায়ই বাড়িতে আসতেন। ছেলের প্রতি তার গভীর টান ছিল। হয়তো সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।

২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বলেন, ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে। এমন ঘটনা সত্যিই অত্যন্ত বেদনাদায়ক। একই পরিবারের মা ও ছেলের পরপর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের মা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীর মধ্যে নাড়া দিয়েছে, সৃষ্টি করেছে শোকের আবহ।