নেত্রকোনার আটপাড়ায় মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব মিয়া। প্রবাসী রাজিব মিয়া উপজেলা সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছোট ছেলে। শনিবার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে গাবরতলা গ্রামে হেলিকপ্টার নিয়ে বর সেজে বিয়ে করতে আসেন রাজিব মিয়া।

এর আগে দুপুরে কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় আশপাশের এলাকার শত শত উৎসুক জনতা হেলিকপ্টারটি দেখতে সেখানে ভিড় জমান। কনে গাবরতলা গ্রামের সাখাওয়াত মিয়ার কন্যা জুতি আক্তার । পারিবারিকভাবে এ বিয়ে হচ্ছে জানিয়ে প্রবাসী বর রাজিব মিয়া বলেন, আমি মালয়েশিয়ায় থাকি। আমরা ১০ ভাই ও বোনের মধ্যে সবার ছোট আমি । আমার মা ইচ্ছাপোষণ করেছিল- আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই আমি মায়ের ইচ্ছাপূরণে আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করে বউ বাড়িতে এনেছি।

রাজিবের বড় ভাই ঝুটন যৃগান্তরকে জানান, রাজিব হচ্ছে আমাদের পরিবারের সবার ছোট । মা ইচ্ছা পোষণ করেছিলেন। রাজিব বাস্তবায়ন করেছে। আমরা এতে খুবই খুশি।