শেরপুরের নকলা উপজেলায় মহাসড়কের ওপর গাছ রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানাপ্রাপ্ত প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কে গাছ রাখার দায়ে গড়েরগাঁও এলাকার স’মিল মালিক রবেল ফরাজি, শহিদুল ইসলাম এবং পাঠাকাটা এলাকার স’মিল মালিক সুজন মিয়াকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান। পাশাপাশি নকলা থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন।

মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, জনদুর্ভোগ কমানো এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।