২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে হাসাপাতালের দালাল চক্রের ৭ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ২জনকে অর্থদন্ড দেয়া হয়।
অভিযান সূত্রে জানা গেছে,ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও এসআরবি। অভিযানে ৭ সদস্যকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে শিপনকে দুই হাজার টাকা ও নার্গিসকে তিন হাজার টাকা জরিমানা করেন ও বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র সরকারি এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ফুসলিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও এসআরবি।
এ ব্যাপারে এসআরবি-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মোঃ নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসাপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসব দালালদের যারা লালন করেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
