পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পেতে প্রায় ১৭ বছর ধরে লড়াই করছেন নওগাঁর মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের একটি অসহায় পরিবার। স্থানীয়ভাবে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে একাধিকবার ধরনা দিয়েও মেলেনি স্থায়ী সমাধান। এর মধ্যে বিরোধপূর্ণ জমি বিক্রি ও দখল নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বসতভিটা হারানোর আশঙ্কায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ জমি থেকে বাদীপক্ষকে উচ্ছেদ বা বেদখল না করার নির্দেশ দিয়েছেন আদালত।

ঘটনাটি উপজেলার ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়নের গাড়ীক্ষেত্র গ্রামের। বিরোধের কেন্দ্রে রয়েছে গাড়ীক্ষেত্র মৌজার আরএস ১৭২ নম্বর খতিয়ানভুক্ত ২ একর ৬ শতক জমির মধ্যে হাল ৪৮৪ নম্বর দাগের ১৭ শতক জমি। জমিটির সিএস খতিয়ান নম্বর ১১৭ এবং এসএ খতিয়ান নম্বর ১৪২।

ভুক্তভোগীরা হলেন মৃত নজর আলী মোল্লার ছেলে আব্দুর রশিদ ও মেয়ে ছামেনা। তাঁদের অভিযোগ, প্রায় ২২ থেকে ২৪ বছর আগে পারিবারিক বিরোধের জেরে তাঁদের বাবা নজর আলী মোল্লাকে বসতবাড়ি থেকে বের করে দেন তাঁর ছোট ভাই ফয়েজ উদ্দিন মোল্লা। পরে নজর আলী দুই ছেলে আমজাদ হোসেন ও আব্দুর রশিদ এবং মেয়ে ছামেনাকে নিয়ে একই ইউনিয়নের খুদিয়াডাঙ্গা খালের ওপারে সরকারি জমিতে অস্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে যাওয়ার মাত্র ২৯ দিনের মাথায় তাঁর মৃত্যু হয়।

বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় মাতবর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে প্রতিকার চান তাঁরা। একপর্যায়ে স্থানীয়ভাবে তাঁদের দেড় শতক জমি বুঝিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই সামান্য জমিতেই কোনোরকমে বসবাস করছেন পরিবারের সদস্যরা। পরবর্তী সময়ে জমির কাগজপত্র সংগ্রহ করে তাঁরা জানতে পারেন, পৈতৃক সম্পত্তিতে তাঁদের আরও ১৫ শতকের বেশি জমির দাবি রয়েছে।

আব্দুর রশিদ ও ছামেনা বলেন, “বাবার মৃত্যুর পর থেকেই আমরা পৈতৃক সম্পত্তি নিয়ে নানা সমস্যার মধ্যে রয়েছি। স্থানীয়ভাবে অনেকের কাছে গিয়েছি, কিন্তু স্থায়ী কোনো সমাধান পাইনি। সামান্য দেড় শতক জমিতে কষ্ট করে বসবাস করছি। আমাদের পৈতৃক সম্পত্তির কাগজপত্র রয়েছে। আমরা কারও জমি জোর করে নিতে চাই না। বাবার সম্পত্তিতে আমাদের ন্যায্য অধিকারটুকু বুঝে পেতে চাই।”

তাঁরা আরও বলেন, “দীর্ঘদিন ধরে এ বিরোধ চলায় আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। জমি নিয়ে বিরোধের কারণে কখন বসতভিটা ছাড়তে হয়, সেই দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। আদালত উচ্ছেদ না করার নির্দেশ দিয়েছেন। আমরা চাই, আদালতের মাধ্যমে দ্রুত বিরোধের নিষ্পত্তি হোক এবং নিরাপদে বসবাসের সুযোগ পাই।”

স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে ২০১৩ সালে নজর আলীর উত্তরাধিকারীরা আদালতে বাটোয়ারা মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।

বাদীপক্ষের অভিযোগ, মামলা চলমান থাকা অবস্থায় ফয়েজ উদ্দিন মোল্লা বিরোধপূর্ণ সম্পত্তির বাড়িভিটাসহ বিভিন্ন অংশ একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে শামীম হোসেন ও জুতি এবং মীর কাসেমের ছেলে বাচ্চুসহ অন্যদের কাছে বিক্রি করে দেন। পরে ক্রেতারা জমিতে দখল প্রতিষ্ঠা করে তাঁদের স্বাভাবিক বসবাস ও ভোগদখলে বাধা সৃষ্টি করছেন। ফয়েজ উদ্দিন জীবিত থাকা পর্যন্ত তাঁকে ওই বাড়িতে বসবাস করতে দেওয়ার শর্তে জমি বিক্রি করা হয়েছিল বলেও দাবি করেছেন বাদীপক্ষ।

এ ছাড়া ফয়েজ উদ্দিনের দেখানো কয়েকটি দলিলের দাতা-গ্রহীতা ও ঠিকানার সঙ্গে বিরোধপূর্ণ জমির তথ্যের অসংগতি রয়েছে বলে দাবি তাঁদের। এর মধ্যে রয়েছে ১৯৭০ সালের ২৪ এপ্রিলের ৭০৪১ নম্বর, ১৯৬৮ সালের ১২ অক্টোবরের ১০১২০ নম্বর এবং ১৯৭৫ সালের ২১ মার্চের ৮১২০ নম্বর দলিল। এসব দলিলে উল্লেখিত দাতা-গ্রহীতাদের ঠিকানার সঙ্গে গাড়ীক্ষেত্র মৌজার জমির সামঞ্জস্য নেই বলে অভিযোগ বাদীপক্ষের। এ কারণে সংশ্লিষ্ট দলিলের নথি আদালতে তলবের আবেদনও করেছেন তাঁরা।

বসতভিটা থেকে উচ্ছেদ, জোরপূর্বক দখল, ভোগদখলে বাধা, জমির শ্রেণি পরিবর্তন ও হস্তান্তর বন্ধে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন বাদীপক্ষ। তাঁদের আশঙ্কা, মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে জমি থেকে উচ্ছেদ করা হলে অপূরণীয় ক্ষতির মুখে পড়বেন তাঁরা।

আদালতের আদেশে বলা হয়েছে, বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য, আবেদনপত্র, আরজি ও মামলার নথিপত্র পর্যালোচনায় নালিশি সম্পত্তির ওপর আবেদনকারীদের প্রাথমিক ও যুক্তিসংগত দাবি রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। বিবাদীদের বিরুদ্ধে গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ২১ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। তবে নোটিশ পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে বিবাদীরা কোনো লিখিত আপত্তি দাখিল করেননি। ১৫ নম্বর বিবাদী আদালতে হাজির হলেও লিখিত আপত্তি দেননি।

পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৬ এপ্রিলের কারণ দর্শানোর আদেশটি চূড়ান্ত করেন। একই সঙ্গে বিবাদীদের লিখিত আপত্তি দাখিল না হওয়া পর্যন্ত নালিশি জমি থেকে বাদীপক্ষকে উচ্ছেদ বা বেদখল না করার নির্দেশ দেন। আবেদনটি আংশিকভাবে মঞ্জুর করে আগামী ২২ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদেশটি দিয়েছেন নওগাঁর ১ম আদালতের সিভিল জজ (ইনচার্জ) ও অতিরিক্ত সিনিয়র সিভিল জজ মো. মোমিনুল হক।

এদিকে জমি দখলসংক্রান্ত বিরোধের বিষয়ে থানা পুলিশের শরণাপন্ন হয়েও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন বাদীপক্ষ। তাঁদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে তাঁরা নিরাপদে বসবাস করতে পারবেন।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। আদালতের কোনো নিষেধাজ্ঞা বা নির্দেশনা থাকলে তা পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তির বিরোধের অবসান, পৈতৃক সম্পত্তিতে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদে বসবাসের নিশ্চয়তা চান নজর আলী মোল্লার উত্তরাধিকারীরা। এখন আদালতের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বিরোধটির চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন তাঁরা।