ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির এক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক বকুলের সমর্থক বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেলের বিরোধ চলে আসছিল। বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে মারধর করেন বকুলপক্ষের আক্তার, রুবেলসহ তাঁদের লোকজন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, পূর্ববিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ এবং আক্তার-রুবেলের সমর্থকেরা সকালে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।