বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি বক্তব্যকে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্প্রতি ‘Aspect Series-আসপেক্ট’ নামের একটি ফেসবুক পেজে দাবি করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুরোধে বাকৃবি এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়টি নিজস্ব উদ্যোগে পৃথকভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করত।
এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাকৃবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এ ধরনের কোনো বক্তব্য দেননি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তাঁর নামে এমন বক্তব্য প্রচার করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ফেসবুক পেজ কর্তৃপক্ষকে অবিলম্বে বিতর্কিত পোস্টটি অপসারণ এবং যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তির বক্তব্য প্রচারের আগে তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতা ও প্রচারনীতি অনুসরণের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ, কৃষি গুচ্ছ থেকে বেরিয়ে এসে পৃথকভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এমন কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।