রাজধানীর ফার্মগেটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে লাভলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসে আগুনের ধোঁয়া মেট্রো স্টেশনে প্রবেশ করায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা সোয়া ৭টার আগেই আগুন নেভানো সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় চা খেতে বের হয়ে তিনি মেট্রো স্টেশনের নিচে লাভলি পরিবহনের একটি বাসে আগুন জ্বলতে দেখেন।

এদিকে বাসের আগুনের ধোঁয়া মেট্রো স্টেশনে প্রবেশ করলে স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এ সময় নিরাপত্তার কারণে স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ধ হওয়া স্টেশনটি প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেওয়া হয়। সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচলও স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে, সেখানে কোনো যাত্রী বা চালককে পাওয়া যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।