মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য বাজারজাত ও বিক্রির দায়ে হৃদয় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে দোকানটিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামসহ প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই ও হালুয়া বাজারজাত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।