মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দিবাগত রাত (৯ নভেম্বর) ২টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মোল্লাপাড়া মাঠ থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৪৭ বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজিপুর বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক পাচার ও চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।