ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে পৃথকভাবে সমাবেশ, আলোচনা সভা ও র্যালি করেছে জেলা বিএনপির দুই পক্ষ। শনিবার বিকেলে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। একই দিন সদর উপজেলা বিএনপির উদ্যোগে আমঝুপি বাজারে আলোচনা সভা ও মিছিল করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের অনুসারীরা। দুই পক্ষের পৃথক কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ঐক্য ও সংহতির শিক্ষা দেয়। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ শেষে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন জাভেদ মাসুদ মিল্টন ও অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হাসান মিন্টু, প্রবীণ নেতা আলমগীর খান ছাতু ও হাফিজুর রহমান হাফিসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই দিন বিকেলে সদর উপজেলার আমঝুপি বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিছিল করে সদর উপজেলা বিএনপি। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেনজিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, শেখ হাসিনা দেশকে কুরে কুরে খেয়ে ধ্বংস করে দিয়েছেন। আবারও একটি কুচক্রী মহল দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত হাতে সব অপশক্তিকে প্রতিহত করতে হবে। আলোচনা সভা শেষে আমঝুপি বাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে একই দিনে মেহেরপুর শহর ও আমঝুপিতে পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে জেলা বিএনপির দুই পক্ষের আলাদা সাংগঠনিক অবস্থান ও নেতৃত্বের উপস্থিতি সামনে এসেছে।