চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও নিয়মবর্হিভূতভাবে সংরক্ষণ করায় দোকানীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক আলমডাঙ্গা উপজেলার সাদা ব্রীজ এলাকায় অভিযান পরিচালিত হয়।
সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরিচালিত অভিযানে বীজ, সার ও কীটনাশক প্রভৃতি তদারকি করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় ও নিয়মবর্হিভূতভাবে সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুসারে জনাব মো: আশাদুল হক এর এর প্রতিষ্ঠান মেসার্স আশাদুল হককে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
এসময় সংশ্লিষ্ট বাজারে নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, লাইসেন্স হালনাগাদ করা এবং মেয়াদ উত্তীর্ণ ও মানহীন সার/কীটনাশক/বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন জ়েলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।