বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে কেন্দ্রীয় শ্মশানঘাটে উপস্থিত থেকে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিমা বিসর্জনে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকেরা সহযোগিতা করেন।
এর আগে তিনি তাঁর নিজ গ্রামের পূজামণ্ডপে বিজয়া দশমীর আনন্দ উৎসবে যোগ দেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলে স্মরণকালের সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপে জাঁকজমকপূর্ণ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হওয়ায় আমরা সন্তুষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তদারকি ও নির্দেশনা এবং মাঠপর্যায়ে সরকারি প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় এবারের দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, স্মরণকালের সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপে মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ইতিবাচক ফল। তিনি সম্প্রীতির এই শান্তিপূর্ণ ধারা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
