লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ডুবে মেহেদী হাসান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ১১ নম্বর চর রমনী ইউনিয়নের মজু চৌধুরীর ঘাট এলাকার টেকের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ৩টার দিকে পরিবারের সদস্যরা মেহেদীকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর মজু চৌধুরীর ঘাটের টেকের পাশে মেঘনা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কয়েকজন জেলে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত মেহেদী হাসান চর রমনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোকন মাঝির ছোট ছেলে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাবা খোকন মাঝি জেলা মৎস্য অফিসে অস্থায়ীভাবে নৌকাচালক হিসেবে কর্মরত রয়েছেন।

শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।