চুয়াডাঙ্গার জীবননগরে নির্ধারিত কসাইখানার বাইরে উন্মুক্ত স্থানে পশু জবাই করার অভিযোগে মনির হোসেন নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
অভিযানকালে নির্ধারিত স্থান ছাড়া উন্মুক্ত বা যত্রতত্র স্থানে পশু জবাই করার অপরাধে মনির হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, জীবননগর পৌর এলাকায় গরু জবাইয়ের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। ব্যবসায়ীদের ওই নির্ধারিত স্থানে পশু জবাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে মনির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, খোলা বা যত্রতত্র স্থানে পশু জবাই করলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।