ময়মনসিংহের গফরগাঁওয়ে অধ্যাপক এম.এ.হাদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক এম. এ. হাদী ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল দশটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পৌর এলাকার শিলাসীতে এই চিকিৎসা সেবা কার্যক্রমে হাজারো মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে
চিকিৎসা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। বিনামূল্যে
দিনব্যাপী এই আয়োজনে নাক,কান,গলা,অর্থোপেডিক্স,শিশু,চর্ম,ডায়াবেটিস ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
অধ্যাপক এম.এ হাদী ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো.মইনুল হক মুন্না জানান,গত ২০২৪ সাল থেকে প্রায় ২৫ হাজার রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।এর মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগী এবং অন্যরা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অধ্যাপক ডা. এম.এ হাদী মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর অপর কো-অর্ডিনেটর মো. দেলোয়ার হোসেন বলেন, শিগগির এখানে আরো সম্প্রসারিত কার্যক্রম পরিচালনা করা হবে। হাসপাতালের আদলে রোগ নির্ণয়, চিকিৎসা প্রদান,ঔষধ বিতরণ সেবা চালু করা হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন,’ চিকিৎসা সেবায় নক্ষত্রসম মানুষ ছিলেন এম.এ হাদী।
তিনি একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশের স্বনামধন্য একজন চিকিৎসক ছিলেন। আজ আমরা ডা. এম. এ হাদীর ১৯ তম মৃত্যু-বার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য,আখতার হোসেন বাবুল,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন,
উপজেলা শ্রমিকদলের সাবেক গফুর হাসান,বিএনপি নেতা মোশাররফ হোসেন প্রমুখ।