মাটির ওপর দাঁড়িয়ে প্রতিদিন যে আখাউড়াকে দেখা, এবার সেই চেনা শহরকেই দেখা যাবে আকাশ থেকে। রেললাইন, তিতাস নদী, জনবসতি ও চারপাশের সবুজ—পরিচিত এসব দৃশ্য এবার ভিন্ন উচ্চতা থেকে দেখার সুযোগ পাবেন আগ্রহীরা। প্রথমবারের মতো আখাউড়ায় হেলিকপ্টারে আকাশ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

আগামী ১৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কলেজ মাঠ থেকে এ আকাশ ভ্রমণের আয়োজন করেছে এবি হেলিকপ্টার সার্ভিস ও স্মার্ট ফ্লাইট সেন্টার। এ উপলক্ষে সোমবার রাতে স্থানীয় গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজকদের প্রচারপত্র অনুযায়ী, হেলিকপ্টারে প্রায় ১৫ মিনিট আখাউড়ার আকাশে ভ্রমণের সুযোগ পাবেন আগ্রহীরা। এ সময় ওপর থেকে শহর, পাড়া-মহল্লা ও আশপাশের এলাকার দৃশ্য দেখার সুযোগ থাকবে। এ ভ্রমণের জন্য জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯৯৯ টাকা।

আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে যাঁরা আগে কখনো হেলিকপ্টারে ওঠেননি, তাঁদের জন্য এটি নতুন অভিজ্ঞতা হতে পারে। প্রতিদিনের পরিচিত আখাউড়াকে ভিন্ন উচ্চতা থেকে দেখার সুযোগই এ আয়োজনের মূল আকর্ষণ বলে জানিয়েছেন আয়োজকেরা।

আয়োজকেরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যবসায়ী কবির আহমেদ ভূইয়া উপস্থিত থাকবেন। আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী নির্জন মোশারফ। ব্যবস্থাপনায় রয়েছেন ছাত্রনেতা মোবারক হোসেন জীবন ও স্মার্ট ফ্লাইট সেন্টারের ম্যানেজার ইকরামুল হাসান।

অস্ট্রেলিয়া থেকে অনলাইনে সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে নির্জন মোশারফ জানান, দিনব্যাপী এ আয়োজন চলবে। প্রাথমিকভাবে মোট চারটি হেলিকপ্টার আনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি হেলিকপ্টারে চারজন করে যাত্রী বসতে পারবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে ভাড়া তুলনামূলক বেশি হয়েছে। তবে একসঙ্গে একাধিক আসন বুকিং কিংবা পরিবারের কয়েকজন একসঙ্গে ভ্রমণ করতে চাইলে ভাড়া কিছুটা কমানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। এটি মূলত চাহিদার ওপর নির্ভর করবে।

আয়োজকদের প্রত্যাশা, ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে আখাউড়ার মানুষের মধ্যে নতুন আগ্রহ তৈরি হবে। পাশাপাশি শহর ও আশপাশের পরিচিত প্রাকৃতিক ও জনপদীয় দৃশ্যকে ভিন্নভাবে দেখার সুযোগ পাবেন ভ্রমণ প্রত্যাশীরা।