শেরপুরের নকলা উপজেলায় নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন এবং সদ্য পুনঃখননকৃত খালে মাছের পোনা অবমুক্ত করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সারে ৩টার দিকে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী রেহাই অষ্টধর গ্রামের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নদীভাঙনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে অবহিত হন।
পরে তিনি উপজেলার পাঠাকাটা ইউনিয়নের সদ্য পুনঃখননকৃত একটি খালে মাছের পোনা অবমুক্ত করেন। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর মৎস্যসম্পদভিত্তিক জীবিকার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত ধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও মৎস্যজীবী সমাজের প্রতিনিধিগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ, স্থানীয় জনগণের কথা শোনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের মাধ্যমে জনসেবা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।