প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রত্যাশা অনুযায়ী ‘আয়রন ম্যান’ হিসেবে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, গণতন্ত্র, উন্নয়ন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনকল্যাণে প্রধানমন্ত্রী জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল বাজারে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রেরিত প্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স,যিনি ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, এর আগে ২২ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর ভোর রাতে আকস্মিক ঘুর্ণিঝড়ে ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরি ও গোরকপুর গ্রামে ১৫ টি বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় এবং ৫৪ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

আজ ধুরাইল বাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এমরান সালেহ প্রিন্স বলেন, অপরাধ, দখল, মাদক, সন্ত্রাস, নৈরাজ্য , অপ প্রচার , অনৈতিকতা ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জনগণের কাছে প্রদত্ত ওয়াদা বাস্তবায়ন করছেন ।অপরাধ দমনে কঠোর বার্তা দিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানের প্রকাশ ঘটিয়েছেন। অপরাধী যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন তার কোন দল নেই বা তার কোন ছাড় নেই।

অনুষ্ঠানে তিনি বলেন ,”ঝড়ের পরপরই রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেই এবং তাৎক্ষণিকভাবে তাদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নন-ফুড আইটেম, গৃহ নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী, রান্নার জিনিসপত্র, তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “দুর্যোগ মোকাবিলা শুধু দুর্যোগের পর ত্রাণ দেওয়ার মধ্যে আমরা সীমাবদ্ধ নেই,দুর্যোগের আগে মানুষকে সতর্ক ও প্রস্তুত করা, দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও জরুরি সহায়তা দেওয়া এবং দুর্যোগের পরে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও পুনর্গঠন—এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।”

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি, দ্রুত উদ্ধার ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হচ্ছে । ময়মনসিংহ ইউনিটকে ইতোমধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির মডেল ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দুর্যোগ থেকে উদ্ধার সামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণের সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “বিএনপি দুর্যোগ ও দুর্বিপাকে জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে। অসহায় মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন ও পুনর্গঠনের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উদ্দেশে বলেন, তাদের দুর্ভোগ লাঘব এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সরকার ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতা অব্যাহত থাকবে।

পরে এমরান সালেহ প্রিন্স ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে কিচেন সেট, শেল্টার কিটস,হাইজিন পার্সেল, তারপলিন বিতরণ করেন।

অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কাজিম উদ্দিন,ধুরাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক মাসুম বিল্লাহ, সদস্য সচিব সারোয়ার জাহান স্বাধীন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, গোরকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদ উল্লাহ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন , ছাত্র দলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন , যুব রেডক্রিসেন্ট সদস্য মাহমুদুল হাসান, ক্ষতিগ্রস্তদের মধ্যে তৈয়বুর রহমান, জালাল উদ্দিন, রয়মন নেছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।