শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে তিনটি পৃথক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ইউনি ব্লক দিয়ে সড়ক নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোফ্লোরেন সুবিধাসহ অপারেশন থিয়েটার চালু এবং ভোগাই নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ।
বৃহস্পতিবার দুপুরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।
পৌরসভা সূত্র জানায়, নালিতাবাড়ী শহরের নিলামপট্টি এলাকায় ইউনি ব্লক দিয়ে সড়ক নির্মাণের কাজ চলছে। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে ওই এলাকায় চলাচলে স্থানীয়দের যে দুর্ভোগ পোহাতে হতো, তা কমানোর লক্ষ্যে সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো আইসোফ্লোরেন সুবিধাসহ সিজারিয়ান অপারেশনের জন্য অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এর ফলে স্থানীয়ভাবে প্রসূতিদের অস্ত্রোপচারসেবা পাওয়ার সুযোগ বাড়বে এবং প্রয়োজনে দূরের হাসপাতালে যাওয়ার চাপ কিছুটা কমতে পারে।
এ ছাড়া ভোগাই নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। নদীর মৎস্যসম্পদ বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
কর্মসূচিগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।