সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাঁদপুরের পুরানবাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, কর্মসূচিতে এক হাজারের বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও ভিটামিন ডি ইনজেকশন দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরানবাজার এলাকায় চাঁদপুর ইউনানি তিব্বিয়া মেডিকেল কলেজে এ ক্যাম্পের আয়োজন করা হয়। চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে এবং সামাজিক সংগঠন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ক্যাম্পে আসা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীর প্রয়োজন অনুযায়ী ওষুধ ও ভিটামিন ডি ইনজেকশনও সরবরাহ করা হয়। চিকিৎসাসেবা দেন চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনানি তিব্বিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম মো. শাহেদ হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা দেন হাকীম ডা. মো. নাজমুল হোসেন।
কর্মসূচির সার্বিক সমন্বয় ও দিকনির্দেশনায় সহযোগিতা করেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাকীম আশিকুর রহমান খান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় ‘বিজয়ী’র স্বেচ্ছাসেবকেরা সহযোগিতা করেন।
‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার অন্যতম প্রকাশ। সেই দায়বদ্ধতা থেকেই দীর্ঘদিন ধরে চাঁদপুরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি গত ছয় বছর ধরে চক্ষু চিকিৎসা, চশমা বিতরণ এবং চোখের ছানি অপারেশনের মতো কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতা এসব উদ্যোগকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা বলে উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের কাছে সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি এ ধরনের উদ্যোগে সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি হাকীম মো. শাহেদ হোসেন পাটোয়ারী বলেন, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্র ও ‘বিজয়ী’র যৌথ উদ্যোগ একটি মানবিক কার্যক্রম। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও ভিটামিন ডি ইনজেকশন দেওয়ার উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সুস্থ সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ধারাবাহিক কার্যক্রমও গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচিতে চাঁদপুর ইউনানি তিব্বিয়া মেডিকেল কলেজ ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ক্যাম্প শেষে রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।