ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে থেকে জায়গা বরাদ্দ পেয়েও দোকান নির্মাণ করতে না পারার অভিযোগ করেছেন এক প্রবাসী। প্রভাবশালীদের বাধার মুখে দোকান নির্মাণ কাজ বন্ধ রাখতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে ফ্রান্স প্রবাসী এস এম ইনামুল হক ভূঁইয়া জানান, স্টেশন সংলগ্ন এলাকায় তিনি একটি ক্যান্টিন নির্মাণের অনুমতি পান। ১৪ সেপ্টেম্বর রেলওয়ের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, ঢাকা থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

স্টেশনের ১নং প্লাটফরমে থাকা ওভারব্রিেজ পাশে ৩০০ স্কয়ার ফুট জায়গায় ক্যান্টিন নির্মাণের স্থান নির্ধারণ করে দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, ২৩ সেপ্টেম্বর রেলওয়ে কর্তৃপক্ষ জায়গা বুঝিয়ে দেওয়ার পর তিনি কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হন।

বৃহস্পতিবার কাজ করতে গেলে এক প্রভাবশালী ব্যক্তি বাধা দেন। আলোচনা সাপেক্ষে নির্মাণ কাজ করতে বলেন।

ইনামুল হক বলেন, ‘কাজটি করানোর জন্য আমি আমার মাকে দায়িত্ব দেই। আমার মা কাজ করতে গিয়ে বাধার মুখে পড়েন। অবৈধ কিছু দখলদার ও তাদের মদদদাতা এতে বাধা দেন। মূলত তাদের স্বার্থে আঘাত পড়বে বিধায় তারা আগ্রাসী মনোভাবও দেখান।’

ইনামুল হকের মা বলেন, ‘স্টেশন এলাকায় বেশ কিছু অবৈধ দোকান আছে। এলোপাথারি যানবাহনও রাখা হয়। এসব নিয়ে ওই পক্ষটি কতা বলে না। অথচ আমার ছেলে বৈধভাবে বরাদ্দ এনে বাধার মুখে পড়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাগজপত্রে লেখা নির্দেশনা অনুযায়ি রেলওয়ের লোকজন জায়গা বুঝিয়ে দেয়। সেই জায়গাতেই নির্মাণ কাজ চলছিলো। কিন্তু কোনো যৌক্তিক কারণ ছাড়াই জোর করে কাজ বন্ধ করে দেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী বলেন, ‘কাগজপত্র দেখে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ি জায়গা বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে কাজ বন্ধ করে দেওয়াসহ সার্বিক বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’