পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে এই কর্মসূচী পালিত হয়।
শনিবার বিকেলে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিএনপির নেতা-কর্মীরা তাদের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তৃত। জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা যাতে নষ্ট করতে না পাওে সেজন্য তিনি বিএনপির নেতা-কর্মীসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, আমরা গত ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দুই-তৃতীয়াংশ ভোটে জনগন আমাদেরকে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। আমরা আওয়ামীলীগের মতো দিনের ভোট রাতে, ডামি নির্বাচন করে আসি নাই। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ৫ বছরের জন্য জনগনের ভোটে ক্ষমতায় এসেছি। আমরা তাদের মতো ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব, এরকম কথা বলি না। বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।
তিনি জ্বালানী সংকটকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে বলেন, আমরা ক্ষমতা গ্রহনের পর দুর্ভাগ্য যে তেল উৎপাদন কারী দেশগুলো বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারনে তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা তিনি বলেন, জনগনের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে। তারা বিগত ৮৬, ৯৬ ও ২০০৭ সালে ফ্যাসিস্ট দলের সাথে মিলে ষড়যন্ত্র করেছিল। তাই বিএনপির নেতা-কর্মীদেরকে বলছি জনগনের সাথে সমন্বয় করে চলতে হবে। কারন তারা আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জহিরুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
