কিশোরগঞ্জের হোসেনপুরে গলায় শার্ট পেঁচিয়ে এক মাদকাসক্ত যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। শুক্রবার সকালে (২৫ সেপ্টেম্বর) শাকিল মিয়া (২২) নামের ওই যুবকের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে স্বজনরা। সে উপজেলার সিদলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চৌদার মুন্সি বাড়ি এলাকার মোঃ দুলাল মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,হতভাগ্য শাকিল মিয়া দীর্ঘদিন ধরে তীব্র মাদকাসক্তিতে ভুগছিলেন। স্থানীয়রা জানান,মাদকসেবনের কারণে প্রায়ই মানসিকভাবে অস্থিরতায় ভুগতেন শাকিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,হয়ত নেশার তাড়নায় মানসিক ভারসাম্য হারিয়ে নিজেই নিজের গলায় শার্ট পেঁচিয়ে আত্নহত্যার পথ বেছে নেয় সে। ঘটনার পরপরই বাড়ির লোকজন তাকে উদ্ধার করলেও ততক্ষণে শাকিলের জীবন প্রদীপ নিভে যায়।খবর পেয়ে হোসেনপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ঘটনার প্রাথমিক তথ্যাদি সংগ্রহ করেছেন।

এ ব্যাপারে হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।