গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাশুড়িকে হত্যার মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ রায় দেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের দুদু মিয়ার মেয়ে দুলালী বেগমের সঙ্গে একই উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বোগদহ পলুপাড়ার ফইম উদ্দিনের ছেলে বিরাজ আলীর বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, পারিবারিক কলহের জেরে বিরাজ আলী স্ত্রী দুলালী বেগম ও সন্তানদের বাড়ি থেকে বের করে দেন। এরপর দুলালী বেগম বাবার বাড়িতে বসবাস করতেন। জীবিকার প্রয়োজনে তিনি ও তার মা মাহামুদা বেগম পার্শ্ববর্তী বালুয়াহাট এলাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
অভিযোগ অনুযায়ী, ২০০৭ সালের ১৪ মে রাত ১১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুলালী বেগম ও মাহামুদা বেগমের পথরোধ করেন বিরাজ আলীসহ কয়েকজন। দুলালীকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে মাহামুদা বেগম এতে বাধা দেন। এ সময় বিরাজ আলী ধারালো অস্ত্র দিয়ে মাহামুদা বেগমকে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
পরে দুলালী বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত মাহামুদা বেগমকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মাহামুদা বেগমের আত্মীয় শহিদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বিরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।