নাটোরের লালপুরে ফল ব্যবসায়ীদের চেতনানাশক খাইয়ে অর্থ লুটে নেওয়া চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) খুলনা জেলার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাটোরের গুরুদাসপুর উপজেলার উদবাড়িয়া গ্রামের মোঃ ইমরান খান (৩৭) এবং খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া গ্রামের মোঃ আব্দুল মুসা (৪২)।
পুলিশ জানায়, গত ২৬ আগস্ট সকাল ১১টার দিকে লালপুরের গোপালপুর রেল গেইট সংলগ্ন “ভাই ভাই ফল ভান্ডার”-এর যৌথ মালিক মোঃ রাসেল ও মোঃ শামীম হোসেনের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি পাইকারী ফল বিক্রেতা পরিচয়ে আসেন।
একপর্যায়ে কৌশল অবলম্বন করে চেতনানাশক মিশ্রিত ডাব পান করিয়ে তাদের অচেতন করে ফেলা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা ফলের ব্যবসার নগদ ১,৬৫,০০০ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্রটি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সেবা দিলে ৪-৫ ঘণ্টা পর তাদের চেতনা ফেরে।
এ ঘটনায় লালপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন। খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধারকৃত সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আজ ১৭ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।