ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।গত সোমবার রাত ৯ টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার চাতলপাড় লঞ্চঘাট ইজারাদার রায়হান ভূঁইয়ার ছেলে মোঃ দয়াল মিয়া-(২৫) এবং কিশোরগঞ্জ জেলার কুরিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া-(২৪)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাতে এক রোগীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড়ে ফিরে যাওয়ার পথে খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সাথে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে স্পিডবোটে থাকা তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রæত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, ‘তিনজনকে আহতবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে এলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।