আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকেই দেশের শিল্প-কলকারখানায় আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে এ তথ্য জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, নতুন করে তৈরি হওয়া সংকট কাটিয়ে মঙ্গলবার রাত থেকেই শিল্প-কারখানায় আগের অবস্থায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে নেওয়া সম্ভব হবে। তাঁর মতে, বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর এটি।

তিনি জানান, শুধু চলমান সংকট সমাধান নয়, ভবিষ্যতে শিল্পের বিকাশ ও নতুন বিনিয়োগ বাস্তবায়নে প্রয়োজনীয় বাড়তি গ্যাস-বিদ্যুতের চাহিদা কীভাবে পূরণ করা হবে, সে বিষয়েও বৈঠকে বিস্তারিত রূপরেখা উপস্থাপন করা হয়েছে। নির্ধারিত দুই ঘণ্টার বৈঠক আলোচনা দীর্ঘায়িত হয়ে প্রায় তিন ঘণ্টা চলে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পায়নের জন্য বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও খনিজ সম্পদসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সরকারের দুই, পাঁচ ও ১০ বছর মেয়াদি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন।

গ্যাস সরবরাহ নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, দুটি এফএসআরইউর ওপর নির্ভরশীলতার কারণে গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর মধ্যে একটি দীর্ঘদিন ধরে নষ্ট ছিল। বর্তমান সরকার সেটি মেরামতের পাশাপাশি ভবিষ্যতে এফএসআরইউর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

প্রাথমিকভাবে তিনটি এবং পরে আরও দুটি যুক্ত করে মোট পাঁচটি এফএসআরইউ করার লক্ষ্য রয়েছে। আগামী ২০২৮ সাল শুরুর আগেই তৃতীয় এফএসআরইউকে ব্যবস্থায় যুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। বৈঠকে এফবিসিসিআই, আইসিসিবি, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাও।