চালুর পর মাত্র তিন মাসেই বারবার বিকল হচ্ছে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের লিফট। কখনো পাঁচ মিনিট, কখনো আধা ঘণ্টা আটকে থাকার অভিযোগের মধ্যে শুক্রবার রাতে আটজনকে নিয়ে প্রায় এক ঘণ্টা লিফট আটকে থাকার ঘটনা ঘটেছে। এ সময় ভেতরে অক্সিজেনের সংকটে কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হলেও জরুরি মুহূর্তে লিফটের দরজা খোলার চাবি ছিল না হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। সব চাবি ছিল ঠিকাদারের নিয়োগ দেওয়া এক ব্যক্তির কাছে। ঘটনার সময় ওই ব্যক্তি নিজের কক্ষ তালাবদ্ধ করে বাইরে থাকায় শেষ পর্যন্ত লিফটের লক ভেঙে আটজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রোগীদের জীবন রক্ষার জন্য তৈরি হাসপাতালে একটি লিফট কীভাবে বারবার মৃত্যুঝুঁকির কারণ হয়ে উঠছে? বিষয়টি দেখার জন্য যেন কেউ নেই। একের পর এক ঘটনার পরও কেন নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা?

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে আট তলা ভবনের চারতলায় গিয়ে লিফটটি আটকে পড়লে ভেতরে থাকা আটজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মোবাইল ফোনে বাইরে থাকা ব্যক্তিদের বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও লিফটের দরজা খোলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত লিফটের লক ভেঙে আটজনকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের টিম লিডার ইদ্রিস আলী বলেন, আটজনকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় লিফটে আটকে থাকায় অক্সিজেনের ঘাটতিতে কয়েকজন শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন।

লিফটে আটকে পড়া জুগিন্দা গ্রামের শুভ বলেন, রোগীর জন্য ওষুধ নিয়ে সাততলায় যাচ্ছিলাম। লিফটে আমরা আটজন ছিলাম। চারতলায় পৌঁছানোর পর হঠাৎ লিফটটি আটকে যায়। ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করেও আমরা ব্যর্থ হলে নিচে থাকা পরিচিত লোকজনকে ফোন করে বিষয়টি জানানো হয়।

ঘটনার পর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে আটকে পড়া লোকজনের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে স্থানীয়দের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, রোগীর স্বজন ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয়দের অভিযোগ, নতুন ভবনে কার্যক্রম শুরুর প্রথম দিন থেকেই লিফট নিয়ে ভোগান্তি শুরু হয়েছে। গত এক মাসেই দীর্ঘ সময়ের জন্য অন্তত তিনবার লিফট আটকে পড়ার ঘটনা ঘটেছে। ছোটখাটো ত্রুটির ঘটনা ধরলে সেই সংখ্যা আরও অনেক বেশি।

হাসপাতালের পাশের ঔষধ ব্যবসায়ী রিনু বলেন, নতুন ভবন চালুর পর থেকে শতাধিকবার লিফট আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। পাঁচ মিনিটের মধ্যে সমাধান হয়ে যাওয়া ঘটনাগুলো সামনে আসে না। তবে ১৫-২০ মিনিট কিংবা আধা ঘণ্টা মানুষ আটকে থাকলে বিষয়টি জানাজানি হয়।

তার অভিযোগ, লিফট পরিচালনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কাউকে নিয়োগ দিতে পারেনি। ঠিকাদারের পক্ষ থেকে একজন বয়স্ক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভবনটির লিফটের দেখাশোনা করছেন।

অভিযোগ রয়েছে, ভবন নির্মাণের সময় নিম্নমানের লিফট সরঞ্জাম ব্যবহারের কারণেই বারবার এমন ত্রুটি দেখা দিচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাহিদুর রহমান বলেন, কয়েকবার লিফট আটকে যাওয়ায় সবাই চিন্তিত। বর্তমানে আনসার সদস্যদের দিয়ে লিফট পরিচালনা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে রোগী ও স্বজনদের প্রশ্ন, যে লিফটে প্রতিদিন অসুস্থ মানুষ ওঠানামা করেন, সেটি যদি বারবার বিকল হয় এবং জরুরি সময়ে দরজা খোলার চাবিও হাসপাতাল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে কি কোন ব্যবস্থা নেওয়া হবে? নাকি প্রাণহানির পরই ভাঙবে সংশ্লিষ্টদের ঘুম?