জামালপুরের ইসলামপুরে তরুণ-তরুণীদের জন্য তিন দিনব্যাপী ‘ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের হলরুমে বেঙ্গল এভিয়েশন ইনিশিয়েটিভের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের।
কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আসলাম খান, বেঙ্গল এভিয়েশন ইনিশিয়েটিভের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জিয়া নূর নবী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল ইসলাম, পরিচালক (ট্রেনিং) রাশেদুল ইসলাম, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, আন্তর্জাতিক ব্যবসা গবেষক সবুজ কুমার মণ্ডল, কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম এবং সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নসহ অন্যরা।

তরুণ-তরুণীদের ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের ড্রোন পরিচালনার পাশাপাশি এর নিরাপদ ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হবে। কর্মশালায় ফ্লাইট ও নিরাপত্তা, ক্যামেরা ও ভিডিওগ্রাফি, হাতে-কলমে ড্রোন উড্ডয়ন এবং ড্রোনের রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।
আয়োজকেরা জানান, তিন দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
ড্রোন প্রযুক্তির ব্যবহার বর্তমানে ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি কৃষি, জরিপ, দুর্যোগ ব্যবস্থাপনা, পর্যবেক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা ও কর্মমুখী জ্ঞান বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।