জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান লিটন, সাধুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক জয়নাল আবেদীন ও সহকারী শিক্ষক ইসমাইল হোসেন মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নিরক্ষরতা দূরীকরণে সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ঝরে পড়া ও শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।