জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে হামদ-নাত, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ত্রিশালের নামাপাড়া এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হাসনাত জাহান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান এবং ত্রিশাল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাহিত্য পরিচালক কবি আক্তারুজ্জামান শাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. ফজলুল্লাহ রোমেল।

আলোচনা পর্বে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর সৃষ্টিশীলতা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি হামদ-নাত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। চলতি বছর তাঁর মৃত্যুবার্ষিকীর ৫০ বছর পূর্ণ হচ্ছে।