রাজধানীতে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ‘পিংক বাস’ নামে এই বিশেষ সার্ভিসে নারী চালক ও নারী কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাস চলবে।
ঢাকায় যেসব রুটে চলবে ‘পিংক বাস’
মতিঝিল বাস ডিপো
নতুন বাজার–মতিঝিল: নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল।
তালতলা–মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল।
যাত্রাবাড়ী বাস ডিপো
ডেমরা স্টাফ কোয়ার্টার–জিপিও: বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও।
কল্যাণপুর বাস ডিপো
মিরপুর-১০–মতিঝিল: মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।
মিরপুর বাস ডিপো
মিরপুর–মতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল।
মিরপুর-১২–মতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।
মোহাম্মদপুর বাস ডিপো
মোহাম্মদপুর–মতিঝিল: শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।
জোয়ারসাহারা বাস ডিপো
আব্দুল্লাহপুর–মতিঝিল: বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।
গাজীপুর বাস ডিপো
গাজীপুর–বিমানবন্দর: গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড ও আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দর।
ঢাকার বাইরে
বিআরটিসির পরিকল্পনা অনুযায়ী, বগুড়ায় শেরপুর–মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট–পতেঙ্গা রুটে দুটি ‘পিংক বাস’ চলবে।
চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানিয়েছেন, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করাই এই বিশেষ বাস সার্ভিসের মূল লক্ষ্য।