ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও বীরদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্যানভাসে ফুটে উঠুক দূরত্বের স্মৃতি ও নতুন বাংলাদেশের স্বপ্ন এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা।

শনিবার বিকেল ৫টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগীত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ তৈমুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক প্রমুখ।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা রং-তুলির মাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি, শহীদ ও বীরদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে। শিশু-কিশোরদের ক্যানভাসে ফুটে ওঠে আন্দোলনের নানা মুহুর্ত,বৈষম্যহীন সমাজের প্রত্যাশা ও আগামীর বাংলাদেশের চিত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আজ মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। বিগত ১৭ বছরের শাসনামলে নানা প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে অনেক কার্যক্রম করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলন এবং বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও ভূমিকার ফলেই আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এমন একটি আয়োজন করায় তৈমুর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও বীরদের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও আত্মত্যাগ তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পরস্কার তুলে দেন।