বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ।

শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিএনপি আশা করছে, তাদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণ পরামর্শ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন চারজনকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসংখ্যা এখন ১৮ জনে দাঁড়িয়েছে। কমিটিতে আগে থেকেই দলের চেয়ারম্যান তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেনসহ নেতারা রয়েছেন।

এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করা হয়েছে। ফলে স্থায়ী কমিটিতে নতুন নেতৃত্ব যুক্ত হওয়ার পাশাপাশি দলের শীর্ষ পর্যায়েও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।