সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী এলাকার ১১১ নম্বর বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—বাসার মালিক আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) এবং তাঁদের গৃহপরিচারিকা (২৫)।

পুলিশ জানায়, বাসার ভেতরে তিনটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সদস্যরা ঘটনাস্থলে যান। পরে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম জানান, একই বাসা থেকে তিনজনের মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাঁদের বাড়ির কর্তা, তাঁর স্ত্রী ও গৃহপরিচারিকা হিসেবে শনাক্ত করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।