ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জামালপুর কমিউটার ট্রেনের পরিচালক আবু রায়হান জানান, সকাল ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে ট্রেনটি কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে ইঞ্জিনের পেছনে থাকা পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং এতে কেউ হতাহত হননি।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে ঢাকা ও ময়মনসিংহ থেকে রেলওয়ের দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুপুরে উদ্ধারকাজ শুরু করে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক কামরুল হাসান বলেন, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথের বিভিন্ন স্থানে রেললাইনের দুর্বলতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই এসব দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ শেষ করেন রিলিফ ট্রেনের কর্মীরা। এরপর প্রায় আট ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর এই রুটে চলাচলকারী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস বিকেল ৫টার দিকে গফরগাঁও স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।