‎নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন।
‎
‎​বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
‎‎​
‎​আহতদের মধ্যে দুর্গাপুর এম.এ. মতিন দাখিল মাদরাসার চারজন শিক্ষক, ১৫ জন শিক্ষার্থী ও একজন কর্মচারী রয়েছেন। তারা হলেন ​মো. দেলোয়ার হোসেন (সিনিয়র শিক্ষক, দুর্গাপুর এম.এ. মতিন দাখিল মাদরাসা), ​মো. ইব্রাহীম (সহকারী শিক্ষক) ​মো. আলতাফ হোসেন (সহকারী শিক্ষক) ​রতন চন্দ্র দে (চতুর্থ শ্রেণির কর্মচারী)
‎​উদয় (শিক্ষার্থী)। ​আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনকে বেগমগঞ্জ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​
‎​প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় বনাম দুর্গাপুর এম.এ. মতিন দাখিল মাদরাসার মধ্যকার ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল। খেলায় রেফারি ও ম্যাচ পরিচালনার অব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
‎
‎​অভিযোগ উঠেছে, নির্ধারিত ক্রীড়া শিক্ষকের পরিবর্তে এক গণিতের শিক্ষককে দিয়ে ম্যাচ পরিচালনা করান লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন। এ বিষয়ে প্রতিবাদ জানালে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কিছু শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে দুর্গাপুর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ২৪ জন আহত হন।
‎‎​
‎​অভিযোগের বিষয়ে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে খেলা শেষ করার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
‎
‎​বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎​বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান বলেন, ঘটনার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে গুরুতর কোনো সংঘর্ষ বা বড় ধরনের আহতের তথ্য মেলেনি। খেলার মাঠে সাধারণত এ ধরনের ছোটখাটো উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে।