সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৫৯ জন সন্দেহজনক হাম রোগী হিসেবে নিবন্ধিত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষায় হামজনিত কোনো মৃত্যু নিশ্চিত হয়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৪ জন।

এ সময়ের মধ্যে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৫৫ জনে পৌঁছেছে। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১২৪ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৯৪ জন, সিলেটে ১১৯ জন, বরিশালে ১১৪ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুরে ১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।