ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৪২ পিস ভারতীয় কাতান শাড়ি এবং ১টি স্যামসন এন্ড্রয়েড মোবাইলসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শাড়ি বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেলে আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আনন্দপুর গ্রামের স্বদেশ পাল ও একই জেলার একই উপজেলার নরসিংহেরগাওয়ের কামাল হোসেন।

মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আশুগঞ্জ টোলপ্লাজায় ১টি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১৪২ কাতান শাড়ি এবং ১টি স্যামসন এন্ড্রয়েড মোবাইলসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।